জয়পুরহাটে জামায়াতের ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে নাশকতার মামলায় জামিন চাইলে বিচারক আবদুল্লাহ আল মামুন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জামিন চাইতে গেলে জেলা যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক আলমগীর কবির শিপন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ মার্চ ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াতে ইসলাম। হরতাল চলাকালে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জয়পুরহাটের পাঁচবিবি থানা ঘেরাও করেন। সেখানে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও থানা ভাঙচুর করেন। এ সময় সংঘর্ষে ৬ জন মারা গেলে পুলিশের উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ থেকে ৮ হাজার জনকে আসামি করে একটি মামলা করেন। পরে ২০২৩ সালের ৩ আগস্ট আদালতে তদন্তকারী কর্মকর্তা ২১২ জনের নামে চার্জশিট জমা দেন। গতকাল চার্জশিটভুক্ত ৬১ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠান।
এদিকে গত বছরের নভেম্বর মাসে কুড়িগ্রাম সদর থানায় ১৬ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা হয়। সেই মামলায় গতকাল সাতজন জামিন নিতে গেলে একজনকে জামিন দিয়ে বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়।