মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর এবং তার এক সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় লৌহজং থানায় অভিযোগ করা হয়েছে।
গতকাল বিকেলে দক্ষিণ চারিগাঁওয়ে বৌলতলী ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিমে গিয়ে জানা যায়, সেখানে গত শনিবার রাতে এক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়। কিন্তু ওই রাতেই ক্যাম্পটি কে বা কারা ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়। এ নিয়ে দুই পক্ষে কিল-ঘুষির ঘটনাও ঘটে।