আন্দ্রে রাসেল নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে চার-ছক্কা হাকানোর দৃশ্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২২ বছর বয়সে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় রাসেলের। তবে লাল বল টানলো না রাসেলকে। ক্যারিয়ারে ওই একটি টেস্টেই খেলেছেন।
২০১১ তে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয় রাসেলের। ধীরে ধীরে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে নিজেকে তৈরী করেছেন রাসেল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ২০ বলে অপরাজিত ৪৩ রান করে দলকে ফাইনালে তুলেছিলেন। সেই বছর বিবিএল, সিপিএল, পিএসএল এবং বিপিএল শিরোপাও জেতেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের জাত চেনান।
তবে ২০১৭ এর জানুয়ারিতে ডোপিং টেস্টে পজেটিভ হয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন রাসেল। ২০১৮ আইপিএল দিয়ে মাঠে ফিরে নিজেকে মেলে ধরেন পুরোনো রূপে।
২০১৯ আইপিএলের এক ম্যাচে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের ১৮ বলে ৫৩ রানের প্রয়োজন হলে, রাসেল ১৩ বলেই তুলে নেন ৪৮ রান। আন্দ্রে রাসেলের এমন বহু ইনিংস আছে।
২০১৯ সালের পর দেশের হয়ে খেলেননি ওয়ানডেও। তবে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) ১৪ বলে ফিফটির রেকর্ড আছে তার। সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও রাসেলের, ৪০ বলে করেন সেঞ্চুরি।
রাসেল যে শুধু ধুমধারাক্কা ব্যাটিংই করেন তা নয়। বোলিংটাও ভালোই পারেন। টি-টোয়েন্টিতে ৪৯০ ম্যাচ খেলে ৪৩৯ উইকেট রাসেলের। সংক্ষিপ্ত এই ফরম্যাটে রান করেছেন ৮৩৮৮।
আজ ৩৭ বছরে পা দিলেন রাসেল। আইপিএলে আজ ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ আছে দিল্লির বিপক্ষে। জন্মদিনে রাসেলের কাছ থেকে বিশেষ পারফরম্যান্স দেখতে চাইবেন ভক্তরা। আর রাসেলও জন্মদিনটা চার-ছক্কাতেই উদযাপন করতে চাইবেন।
এবারের আইপিএলে কলকাতার হয়ে ৬ ইনিংসে ১৭৯ রান করেছেন রাসেল। গড় ৪৪.৭৫, স্ট্রাইক রেট ১৮৬.৪৫। চলতি আইপিএলে কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট রাসেলের।