কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩ 

কক্সবাজারের ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া। তারা চোখের চিকিৎসা করাতে গত শুক্রবার কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এসে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক জানায়, সোমবার সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার ও বাসটি  জব্দ করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয় বলে শুনলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা যান। পরে হাসপাতালে আরেকজন মারা গেছে বলে জেনেছি। আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।