বন্ধ হয়ে গেল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার দুপুরে শিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেয় আদালত। পরে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দেশের ২৭ জেলার সব স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল গণমাধ্যমে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।

এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে একধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে? আমরা আপিলে যাব।’

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার বন্ধ থাকবে।

এর আগে দুপুরে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেই সব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে গতকাল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। এই গরমের মধ্যে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাও এমন ঝুঁকির মধ্যে আছেন বলে আদালতকে জানান তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত আদেশ দেয়।

এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল রেহেনা সুলতানা, মো. সামিউল সরকার ও আশিক রুবায়েত।

প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত : গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সারা দেশে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচন্ড তাপপ্রবাহের দরুন শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে গত রবিবার রাতে প্রচন্ড তাপপ্রবাহের কারণে ঢাকাসহ পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। যেসব জেলার প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলো হলো, ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।

ঈদের ছুটির পর এক সপ্তাহ বন্ধ রেখে গত শনিবার থেকে স্কুল-কলেজ খুলেছে। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বহু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ছে। বেশ কয়েকজন মারা গেছে। এ অবস্থায় তাপপ্রবাহের মধ্যে স্কুল-কলেজ ও মাদ্রাসা খোলা রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।