ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাতে ওই উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল একই গ্রামের মৃত তারাচাঁদ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এ নিয়ে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলো বাটুল। রাত ৯টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে শৈলককুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
শৈলকুপা থানার ওসি সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার সংবাদ শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।