কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক চাষির লাউ গাছের একটি ডগায় ১৮টি লাউ ধরায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ কদমেরতল এলাকার কৃষক ইসমাইল হোসেনের রান্না ঘরের চালে লাগানো লাউ গাছের একটি ডগায় এতগুলো লাউ ধরেছে। এ দৃশ্য দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন কৃষক ইসমাইল হোসেনর বাড়িতে।
কৃষক ইসমাইল হোসেন জানান, ৭-৮ মাস আগে বাজার থেকে একটি লাউ গাছের চারা কিনে আনেন তিনি। তারপর বস্তার মধ্যে জৈব সার ও মাটি ভরে লাউয়ের চারাটি সেখানে রোপণ করেন। কিছুদিন পর চারা গাছটি বেড়ে উঠলে রান্না ঘরের চালে লাউয়ের ডগা উঠিয়ে দেন তিনি। এক পর্যায়ে লাউ গাছটি গোটা চালে ছড়িয়ে যায় এবং এ পর্যন্ত ১০ থেকে ১৫টি লাউ ওই গাছ থেকে ছিঁড়ে তারা রান্না করে খান। কিন্তু গত ১৫ দিন আগে গাছটির গোড়ার দিকের একটি ডগায় এক সাথে অনেকগুলো লাউয়ের জালি দেখতে পান তিনি। পরে গুনে দেখেন সেখানে একসাথে ১৮টি জালি লাউ রয়েছে। লাউয়ের জালি গুলো বর্তমানে আস্তে আস্তে বড় হচ্ছে।
লাউ দেখতে আসা কবির মামুদ গ্রামের ফজলুল হক জানান, লাউ গাছের একটি ডগায় একসাথে এতগুলো লাউ কোনোদিন দেখিনি। আজ লাউগুলো দেখে খুবই ভালো লাগছে।
একই এলাকার ফিরোজ ও একরামুল হক জানান, জীবনের এই প্রথম এক সাথে একটি ডগায় ১৮টি লাউ ধরা দেখলাম। সব আল্লাহের কৃপায় সব হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোছা. নিলুফা ইয়াছমিন জানান, কৃষক ইসমাইল হোসেনের লাউ গাছের একটি ডগায় এক সাথে ১৮টি লাউ ধরার খবরটি শুনেছি, ছবিও দেখেছি। এটা জেনেটিক সমস্যার কারণে হয়ে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, তবে এটা কৃষকের জন্য খুবই ভালো। আমি আজকালের মধ্যে সেখানে যাব এবং এটা নিয়ে কাজ করব।