নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের গৃহনির্মাণে ঋণ দিচ্ছে আইডিবি

দেশের পল্লী ও শহরতলি এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতকল্পে সাশ্রয়ী গৃহ নির্মাণ ঋণ প্রদান করবে সরকার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন কর্তৃক বাস্তবায়িত হবে। এজন্য প্রায় ২৯ কোটি ডলার ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

গত সোমবার সৌদি আরবের রিয়াদে আইডিবির বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা ২০২৪ অনুষ্ঠানকালে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট সেকেন্ড ফেজ’ শীর্ষক ৫ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়নের জন্য সর্বমোট ২৭ কোটি ইউরো বা আনুমানিক ২৯ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি।

ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ড. মনসুর মুহতার স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

ইআরডি জানিয়েছে, এ প্রকল্পটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন কর্তৃক বাস্তবায়িত হবে।