হার্দিকের কাঁটা ঘায়ে নুনের ছিটা বিসিসিআইয়ের

টানা হারের বৃত্তে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচের মধ্যে জয় মাত্র তিনটিতে। ৭ হার নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে অবস্থান তাদের। দল বদল করে গুজরাট থেকে মুম্বাইয়ে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। দলের হেক্সা শিরোপা মিশনের পথে তার কাঁধে তুলে দেওয়া হয় নেতৃত্ব। কিন্তু মুম্বাই যেন ডুবে গেছে অতল গহ্বরে।

রোহিত শর্মাকে সীমানার কাছে ফিল্ডিংয়ে পাঠানোয় সমালোচিত হয়েছিলেন হার্দিক। দলকে টেনে না তোলায় আরও বেশি সেটার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। এরই হার্দিকের মাঝে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিল বিসিসিআই। স্লো ওভার রেটের কারণে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ১৪ হাজার টাকা।

এক বিবৃতিতে হার্দিককে জরিমানা করার বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চার উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই হারের পর আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এই মোটা অঙ্কের জরিমানা করা হয়। চলতি এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার এমন অপরাধ করেছে। যার ফলে অধিনায়ককে জরিমানা করা হয়েছে।

তবে শুধু অধিনায়কই নন, একাদশে থাকা বাকিরাও রক্ষা পাননি। প্রত্যেককে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।