সদ্যপুস্করনীর জালে নাসরিনের সাত

জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৯-০ গোলে হারিয়ে নারী ফুটবল লিগের যাত্রা শুরু হয়েছিল নারী ফুটবলের নতুন পাওয়ার হাউজ নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলে হারিয়েছে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া নাসরিন। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের তেতো স্বাদ পেয়েছে কাচারিপাড়া। বৃহস্পতিবার প্রথম ম্যাচে তারা সিরাজ স্মৃতি সংসদের কাছে হেরেছে ৪-০ ব্যবধানে।

প্রথম রাউন্ডে খেলা ছিল না সদ্যপুস্করনীর। কালই প্রথম খেলতে নেমে বড় হারের স্বাদ পেতে হয়েছে রংপুর জেলার এই দলটির। যদিও একটা বড় সময় পর্যন্ত ম্যাচে ছিল তারা। প্রবল প্রতিপক্ষকে আটকে রেখে তারা দেখেছিল বড় স্বপ্ন। তবে শেষ দিকে সব প্রতিরোধ শেষ হয়ে যায় নাসরিনের অভিজ্ঞ ফরোয়ার্ডদের ক্রমাগত চাপে। শেষ পর্যন্ত নাসরিন পায় বড় জয়। 

নাসরিনের হয়ে গত ম্যাচে হ্যাটট্রিকসহ চারটি করে গোল করেছিলেন অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্ডা ও সামসুন্নাহার জুনিয়র। আজ কোনো হ্যাটট্রিক হয়নি। তবে জোড়া গোল পেয়েছেন তিনজন। সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুশিমা ও শামসুন্নাহার। আর দলের হয়ে গোলের খাতা খোলেন কৃষ্ণা রাণী সরকার। 

দিনের প্রথম ম্যাচে সিরাজ স্মৃতি সংসদের জয়ে বড় ভূমিকা থুইনুই মারমার। তিনি করেন জোড়া গোল। এছাড়া রুমা আক্তার ও আলপি আক্তার একটি করে গোল করে ৪-০ ব্যবধানে কাচারিপাড়াকে হারায় দলটি।