কিউবা মিচেলের নতুন ঠিকানা গ্লস্টার সিটি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

হুট করেই বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি ভেঙে নিজ শহর বার্মিংহ্যাম ফিরে গিয়েছিলেন জাতীয় দলের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল। যুক্তরাষ্ট্র প্রবাসী ৩ জানুয়ারির পর থেকেই ছিলেন ফ্রি এজেন্ট। সেদিন থেকেই শুরু হয়েছিল নতুন ঠিকানার খোঁজ। অবশেষে নতুন ক্লাবের খোঁজ পেয়েছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লস্টার সিটি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কিউবা। সে খবরটা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন তিনি। গ্লস্টার সিটি এফসি বর্তমানে ন্যাশনাল লিগ নর্থে খেলছে। কিউবার সঙ্গে আপাতত চার মাসের চুক্তি করেছে ক্লাবটি। যা ৩০ জুন শেষ হবে।

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে বসুন্ধরার সঙ্গে তিন বছরের সম্পর্ক ভেঙে দিয়ে চার মাসের চুক্তিতে ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের লিগের দলে নাম লিখিয়েছেন একটা সময় ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল সান্দারল্যান্ড এফসি'র অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা। বার্মিংহ্যাম এফসি'র অ্যাকাডেমিতেগড়ে ওঠা কিউবার অবশ্য এ নিয়ে কোন আক্ষেপ নেই। বরং নতুন ঠিকানা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, নতুন দলের জার্সি পরে ইনস্টাগ্রামে আপলোড করেছেন অনুভূতি।

যেখানে তিনি বলেন, 'আমি সত্যিই খুব খুশি। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। আমি মাঠে আমার সামর্থ্য দেখাতে এবং বর্তমানে দলটি যে ভালো খেলছে, তাতে আরও অবদান রাখতে মুখিয়ে আছি।' এই ক্লাবের সঙ্গে চুক্তি করার কারণ হিসেবে তিনি বলেন, 'বাংলাদেশ থেকে খেলে ফেরার পর আমার এজেন্ট আমাকে এই সুযোগটির কথা জানান। তারা বর্তমানে কেমন খেলছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রজেক্টগুলো দেখে আমি বেশ আগ্রহী হই। মূলত এভাবেই সবকিছুর শুরু।'

কিউবার দাবী বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ তাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, 'আমি বার্মিংহ্যাম এবং সান্দারল্যান্ড থেকে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। এছাড়া বাংলাদেশে খেলার সময় প্রথম একাদশে খেলার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ফুটবলে আমার অভিষেক হওয়ার বিষয়টি আমাকে অনেক সমৃদ্ধ করেছে। (জাতীয় দলে খেলার অনুভূতি) ছিল অবিশ্বাস্য। আমার মনে হয় ছোটবেলায় সব ফুটবলারই এমন কিছুর স্বপ্ন দেখে। এটা নিশ্চিতভাবেই এক দারুণ অভিজ্ঞতা ছিল। আমি এখন শুধু সামনে এগিয়ে যেতে এবং নিজের সেরাটা দিতে চাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত