ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। গত মঙ্গলবার রাজ্যটির মাওবাদী অধ্যুষিত বস্তার অঞ্চলের আবুজমাদ বনে দুপক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। গত মাসে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এটি দ্বিতীয় বড় গোলাগুলির ঘটনা। এর আগে নিকটবর্তী একটি জেলায় দুপক্ষের মধ্যে আরেক লড়াইয়ে ২৯ জন বিদ্রোহী নিহত হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাওবাদীরা কয়েক দশক ধরে ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে দেশটির সরকারের বিরুদ্ধে গেরিলা কায়দায় লড়াই চালিয়ে আসছে। সরকারি বাহিনীগুলোর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের প্রায়ই সংঘর্ষ হয় এবং তাতে উভয়পক্ষের হতাহতের ঘটনা ঘটে।