তীব্র্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। পরের দিন রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাপপ্রবাহের কারণে অঞ্চলভেদে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। শুক্রবার (আজ) সাপ্তাহিক ছুটি। এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার (আগামীকাল) থেকে যথারীতি সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলবে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রবিবার থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে।
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের দীর্ঘ ছুটি শেষে গত ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায়। গত রবিবার স্কুল-কলেজ চালু হলে শিক্ষার্থীরা অনেক দিন পর ক্লাসে ফেরবে। তবে প্রচ- গরমে বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।
গরমে অসুস্থ হয়ে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয়। এরপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।
আদালতের এই আদেশের পর সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় ভিন্নতা দেখা দেয়। তারা দেশের ২৭টি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করে। বুধবার মে দিবসে সরকারি ছুটি ছিল।