চেলসির জয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগের এককালের ডাকসাইটে ক্লাব চেলসি। কত রথি-মহারথি গায়ে জড়িয়েছেন ক্লাবটির জার্সি। তিন মৌসুম আগেও তারা জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট। অথচ এখন পয়েন্ট তালিকায় তাদের খুঁজে পাওয়াই কঠিন। লিগে এবার তাদের অবস্থান ৮ নম্বরে। এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহামকে হারিয়ে দিয়েছে তারা।

ঘরের মাঠে চেলসি ২-০ গোলের জয় পেয়েছে টটেনহামের বিপক্ষে। গোল দুটি করেছেন ট্রেভোহ চালাবাহ ও নিকোলাস জ্যাকসন। ২৪ মিনিটে চালাবাহ গোল করে এগিয়ে নেন। গোল নিয়ে আপত্তি তুলে টটেনহাম। পরে ভিএআর চেক করে নিশ্চিত হয় গোলটি। তারপর ৭২ মিনিটে জ্যাকসন আরও একটি গোল করলে জয় নিশ্চিত হয় ‘ব্লুজ অ্যান্ড পেনশনার্সদের’।

চেলসির এই জয়ে স্পার্সদের ইউরোপা লিগে সম্ভাবনা ঝুলে রইল, আর লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত হয়ে গেল। টটেনহামের পয়েন্ট এখন ৩৪ ম্যাচে ৬০। আরও বাকি আছে ৪ ম্যাচ। যেখানে দুটির প্রতিপক্ষ লিভারপুল ও ম্যানসিটি। যদি দুই ম্যাচে জয় ও বাকি দুটিতে হার আসে তবে তাদের পয়েন্ট হবে ৬৬। তারা দিয়েছে ৬৭ গোল, হজম করেছে ৫৪টি। গোল ব্যবধান ১৩।

টটেনহামের ঠিক নিচে অবস্থান করা ম্যানচেস্টার ইউনাইটেডেরও বাকি আর চার ম্যাচ। তবে তাদের পয়েন্ট ৫৪। যদি পরের সব ম্যাচে জিতেও যায় তখন তাদেরও পয়েন্ট হবে ৬৬। তাতেও কপাল খুলবে না দলটির। কারণ গোল ব্যবধানে এগিয়ে থাকায় টটেনহাম ৫ নম্বরে থেকে চলে যাবে ইউরোপা লিগে। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ৫২ বার বল জড়ানো ম্যানইউ গোল হজম করেছে ৫১টি। গোল ব্যবধান হবে ১। যদিও সবগুলো ম্যাচ জেতার সম্ভাবনা ক্ষীণ। কারণ একটি ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে আর্সেনালকে। শেষ ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে লড়াইটাও কঠিন হবে।

এদিকে ইয়র্গেন ক্লপের বিদায়ী মৌসুমে লিভারপুলের আর কোনো শিরোপা জয়ের সম্ভবনা নেই। তবে চেলসি জেতায় পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়েছে দলটির। তাই সরাসরি চ্যাম্পিয়নস লিগ খেলারও যোগ্যতা অর্জন করেছে তারা। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৫। আর কোনো ম্যাচ যদি তারা নাও জেতে তবু শেষ চারে তারা থাকবে। কারণ বর্তমানে চারে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৬৭। বাকি আছে তিন ম্যাচ। শেষের ম্যাচগুলো জিতলে পয়েন্ট হবে ৭৮। আর ৫ নম্বরে থাকা ৬০। তারাও যদি শেষের সবগুলো ম্যাচ জেতে, তবুও লিভারপুল চারের নিচে নামবে না। কারণ স্পার্সদের পয়েন্ট হবে তখন ৭২। আর লিভারপুলের ইতোমধ্যে ঝুলিতে জমা আছে ৭৫ পয়েন্ট।

আগামী রবিবার লিভারপুলের মুখোমুখি হবে টটেনহাম। মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। তবে ১২ মে আর্সেনালের বিপক্ষে খেলতে নামবে ওল্ড ট্রাফোর্ডের দলটি।