গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে এনে অধিনায়ক করে চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে সেটা ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের পছন্দ হয়নি। কারণ তখনও দলে ছিলেন রোহিত শর্মা। ভারতের তিন সংস্করণের অধিনায়কও বিষয়টি ভালোভাবেন নেননি। সেটা তার কথাতেই স্পষ্ট হয়েছে। এতদিন চুপই ছিলেন রোহিত। পান্ডিয়ার নেতৃত্বে প্রায় দেড় মাস খেলার পর অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।
ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে কাল মুম্বাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রোহিত। সেখানে তাকে পান্ডিয়ার নেতৃত্বে খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে দীর্ঘ জবাব দিলেও এ ক্ষেত্রে রোহিত কথা বলেছেন কমই, তবে অধিনায়কত্ব হারানোর বিষয়টি যে তার ভালো লাগেনি তা ছিল স্পষ্ট, ‘দেখুন, এটা জীবনেরই অংশ। সবকিছু আপনার মনমতো হবে না। তবে (পান্ডিয়ার নেতৃত্বে খেলা) চমৎকার অভিজ্ঞতা।’
আইপিএলে মুম্বাইয়ের সাধারণ সদস্য হিসেবে খেলা রোহিত জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন। মজার বিষয় হচ্ছে, ভারতীয় দলের জার্সিতে তার সহকারীর ভূমিকায় দেখা যাবে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকেই। কারও নেতৃত্বে খেলা বা কাউকে নেতৃত্ব দেওয়াটাকে স্বাভাবিকভাবেই দেখছেন রোহিত, ‘আমি যখন অধিনায়ক ছিলাম না, তখন অনেকের অধীনে খেলেছি। আমার কাছে এটা নতুন কিছু নয়।’
অধিনায়ক হওয়ার আগে ভারত জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ ও বিরাট কোহলির অধীনে খেলেছেন রোহিত। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন অ্যাডাম গিলক্রিস্ট, হরভজন সিং ও রিকি পন্টিংয়ের নেতৃত্বে। তবে এর সবই ছিল রোহিতের ক্যারিয়ারের শুরুর দিকে বা অধিনায়ক হওয়ার আগে। এদিক থেকে পান্ডিয়ার নেতৃত্বে খেলাটা তার জন্য ভিন্ন অভিজ্ঞতাই, যা ফুটে উঠেছে রোহিতের অল্প কথার জবাবেই।