গ্রিসের ক্লাবের কাছে হার এমি মার্তিনেজের অ্যাস্টন ভিলার

৪২ বছর পর ইউরোপিয়ান কনফারেন্স লিগের সেমিফাইনালে উঠেছিল অ্যাস্টন ভিলা। নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে শেষ চারের প্রথম লেগটা ভালো যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের ক্লাবটির। ঘরের মাঠ ভিলা পার্কে তারা ৪-২ গোলে হেরেছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের কাছে। যারা এবারই প্রথম টুর্নামেন্টে খেলতে এসেছে।

গ্রিসের শক্তিশালি ক্লাব হলেও অলিম্পিয়াকোস ইউরোপিয়ান স্তরে অতটা নজর কাড়তে পারেনি কখনও। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ইউরোপিয়ান কাপেও খেলেছে। তবে কোথাও শিরোপার স্বাদ পায়নি। একবার করে কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের তৃতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট কনফারেন্স লিগ। তবুও তো মহাদেশীয়, আর এমন টুর্নামেন্টে এবারই প্রথম ফাইনালে খেলার স্বপ্ন দেখছে অলিম্পিয়াকোস। এমনকি সেমিফাইনালও তারা খেলছে প্রথমবার।

অন্যদিকে অ্যাস্টন ভিলা দীর্ঘদিন ধরেই শিরোপা খরায়। তবে তাদের ঝুলিতে আছে অসংখ্য শিরোপা। এফএ কাপই তারা জিতেছে ৭ বার। ইউরোপিয়ান কাপে তারা তিনবার শিরোপা জিতেছে। যার শেষটি ছিল ২০০১ সালে। ২০০৮ সালে প্রতিযোগিতাটির শেষ আসরে তারা হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন।

এমন দল কাল হারল ইউরোপের ফুটবলে পুচকে দল অলিম্পিয়াকোসের কাছে। ক্লাবটির ফুটবলার আইয়ুব এল কাবি করেছেন হ্যাটট্রিক। তাতেই ভিলা কোচ উনাই এমেরির মাথায় বাজ পড়ার মতো অবস্থা। তাকে ঘিরেই যে হারানো শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছিল বার্মিংহামের ক্লাবটি। এমেরি চারবার কোচ হিসেবে ইউরোপা লিগের শিরোপা জিতেছেন। কিন্তু ঘরের মাঠে বড় হারে সেই পথ অনেকটাই কঠিন হয়ে গেছে।

মৌসুমের সবচেয়ে কঠিন রাতই বোধহয় কাটাতে হয়েছে অ্যাস্টন ভিলাকে। এবারের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় ভিলাই এখন পর্যন্ত টিকে আছে। না হলে সব ইংলিশ ক্লাবই ছিটকে গেছে সেমিফাইনালের আগে।

ভিলা অধিনায়ক জন ম্যাকগিন বলেন, ‘রাতটা ছিল শুধুই ভুলে ভরা। আমরা দায় নিচ্ছি, কিন্তু আগামী সপ্তাহে গ্রিসে গিয়ে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। কারণ আমাদের সেই সামর্থ্য আছে।’

আগামী ৮ মে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে অ্যাস্টন ভিলা।