মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদরের মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়ার গ্রামের ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই আল-আমিন (৬) ও বোন মরিয়ম আক্তারের (৭) লাশ উদ্ধার করে স্থানীয়রা। তারা ওই গ্রামের দিনমজুর নুরে আলমের ছেলে-মেয়ে। এর আগে বিকেলে দুই ভাই-বোন খেলতে বাড়ি থেকে বের হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই বিকেলে দুই ভাই-বোন মিলে খেলতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খোঁজ না পেয়ে বাড়ি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে তাদের খোঁজা শুরু করে স্থানীয়রা। পরে সাড়ে ৭ টার দিকে তাদের লাশ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।