চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শশুরবাড়ি থেকে সানজিদা আক্তার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল করিমকে আটক করেছে পুলিশ। এদিকে নিহতের স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ।
শুক্রবার (৩ মে) সকাল ৮ টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আলম খান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সানজিদা বারশত ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. ফরিদের মেয়ে। গত ১০ বছর আগে পাশের ওয়ার্ডের মো. আইয়ুবের ছেলে মো. আবদুল করিমের সঙ্গে বিয়ে হয় তার।
এ বিষয়ে নিহতের ভাই মো. ওসমান জানান, বিয়ের পর থেকে আমার বোনের ওপর অত্যাচার চালাতো স্বামী এবং শশুরবাড়ির লোকজন। কিছুদিন আগেও মারধর করার কারণে আমরা বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তারপর শশুরবাড়ির লোকজন এসে আবার নিয়ে যান। গত রাতে আমার বোন আমার মাকে ফোন করে জানায়, ফের শশুরবাড়ির লোকজন তাকে অত্যাচার শুরু করেছে। আজ সকালে স্থানীয়দের কাছে খবর পাই আমার বোন মারা গেছে। অথচ শশুর বাড়ির লোকজন আমাদের কাছে বিষয়টি গোপন রেখেছে। তারা আমার বোনকে মেরে ফেলেছে। আমার ছোট দু'টি ভাগিনার জীবন নষ্ট হয়ে গেছে। আমরা তাদের কঠিন শাস্তি চাই।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, এটি হত্যাকাণ্ড, সানজিদার স্বামী করিম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।