‘ভুল’ চিকিৎসায় মৃত্যুর ঘটনার তদন্ত শুরু

যশোরের শার্শা উপজেলার নাভারন সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় তাহেরা খাতুন নামে এক রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে খুলনা স্বাস্থ্য বিভাগ। অভিযোগ উঠেছে, ওই তদন্ত কমিটি ও স্থানীয় কতিপয় সাংবাদিক এবং প্রভাবশালীদের এ ব্যাপারে ম্যানেজ করার চেষ্টা করছে নাভারন সিটি হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মনজুরুল মুরশিদ সাত কার্যদিবসের মধ্যে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলমকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেন।

তাহেরার ছেলে শহিদুল ইসলাম বলেন, আমার মা বেনাপালের কাগজপুকুর গ্রামের কলোনীপাড়ার রেজাউল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন বুকের ব্যথার চিকিৎসা নিতে নাভারন সিটি হাসপাতালে ভর্তি হন গত ২৮ এপ্রিল রাত ৮টার সময়। হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেস্ট টিউমার’ হয়েছে বলে জানায়। এক পর্যায়ে সিটি হাসপাতালের ডাক্তারদের পরামর্শে রাত ১০টার সময় হাসপাতালের ডাক্তার সুজিত রায় তাহেরা খাতুনকে অপারেশনের জন্য অপারেশন কক্ষে নেন। এ সময় অজ্ঞান করার দায়িত্বে ছিলেন ডাক্তার আশরাফুল আলম। অপারেশন শেষে রোগীর জ্ঞান না ফেরায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।