ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার অপরিকল্পিত অভিযান এবং পরে বড় অঙ্কের আর্থিক জরিমানা ও হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। গতকাল শনিবার এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ভোক্তার অধিকার সংরক্ষণবিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এই আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ‘পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে তদারকি ও অভিযান গুরুত্বপূর্ণ। তবে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না করে, সিন্ডিকেটের প্রকৃত অপরাধীদের না ধরে বারবার শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রচেষ্টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ব্যবসায়ীরাও একেকজন ভোক্তা। ভোক্তা ও ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা করাটা জরুরি। সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে বাজারে কেউ কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ভোক্তার অধিকারের বিষয়ে আরও বেশি প্রচার-প্রচারণা চালানো উচিত। পাশাপাশি পণ্যের উৎপাদন, বিক্রি, আমদানি ও রপ্তানির যথেষ্ট তথ্য-উপাত্ত থাকা আবশ্যক।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান খান (মাহফুজ)।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, বাজারে বা দোকানে অব্যবস্থাপনা পেলে সতর্ক ও জরিমানা করে থাকে তার কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের পণ্য কেনাবেচার রসিদ যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান তিনি।