গয়নার কারিগরকে কোপালেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক গয়নার কারিগরকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে পৌর সদরে কৃষি ব্যাংকসংলগ্ন বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুভ্রদেব সিং ওরফে সুদেব পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি সৃষ্টির অপরাধে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি দল থেকে বহিষ্কার হন তিনি। আহত স্বর্ণ কারিগর হৃদয় কর্মকার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠার ব্রজেন কর্মকারের ছেলে। তিনি পৌর বাজারের বৌরাণী জুয়েলার্সে কারিগর হিসেবে কাজ করেন।

জানা যায়, ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন হৃদয় কর্মকার। সুদেব তার পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা হৃদয়কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।