ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর (৬০) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) রাত সোয়া ৮টার দিকে ওই বন্দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই বন্দি। পরে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষিরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত বলে জানান। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, ওই বন্দি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি গ্রামে। বাবার নাম কাশেম আলী।
তিনি নারায়নগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। গত মার্চ মাসে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ২০ মার্চ ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সুস্থ হলে ওই বন্দিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। আজ রবিবার আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।