যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাড়ির সামনে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ৩টায় শার্শার রাজনগর মোড়ে তার বাসভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, ‘রাতে হঠাৎ বিকট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে উঠে দেখি, বাসার সামনে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তাৎক্ষণিক প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে।’ এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, ‘বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।’
শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’