গাজীপুরের শ্রীপুরে নির্যাতনের শিকার গৃহকর্মী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম মরিয়ম আক্তার (১২)। গতকাল রবিবার বিকেলে ৯৯৯-এ ফোন পেয়ে মাওনা ইউনিয়নের বারতোপা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। তবে নির্যাতনের কথা অস্বীকার করেছেন বাড়ির মালিক রিপন মিয়ার স্ত্রী মোছা. কাজল আক্তার। তার দাবি সামান্য চড়থাপ্পড় দেওয়া হয়েছে। শাসনও করা হয় মাঝেমধ্যে। তবে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি।
পুলিশ বলছে, শিশুর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় আইনগত সুবিধা দেওয়া হবে। আপাতত শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে।
শিশু মরিয়ম আক্তারের বাড়ি বরগুনা জেলায়। তার বাবার নাম মো. মনির হোসেন। ৮ মাস আগে বারতোপা গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার বাড়িতে ওই শিশু গৃহকর্মীর কাজ নেয়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মোল্লা জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বারতোপা গ্রামের রিপন মিয়ার বাড়ি থেকে শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়। শিশু নিজেই ৯৯৯-এ ফোন করেছিল। তার এক আত্মীয়ের মাধ্যমে এ বাড়িতে কাজ নেয় সে।