সুন্দরবনের আগুনের কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সুন্দরবনে আগুন লাগার কারণ গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল  মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচনার বাইরে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত কাজ চালিয়ে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

এর আগে সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, শতভাগ আগুন এখনো নেভেনি। আরও কয়েকদিন এটি পর্যবেক্ষণে রাখা হবে।

গতকাল বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠকটি হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনে লাগা আগুন নেভানোর সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আছে। শতভাগ নিভে গেছে, এ রকম বলেননি। আগামী কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ বনের আগুন স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টে নিভে গেছে মনে হলেও কোনো একটা লতা দিয়ে আগুন অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। পরে হয়তো আবার জ্বলে উঠতে পারে। তাই বনের আগুন নেভানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিভে যাওয়ার ঘোষণা করা যায় না। এজন্য এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কয়েক দিন পর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী অবহিত হওয়ার পর কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুন্দরবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫৫ জন কর্মী ফুলটাইম কাজ করেছেন। দেড়শোর বেশি স্বেচ্ছাসেবী কাজ করেছেন। দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি এনে ব্যবহার করা হয়েছে।

মাহবুব হোসেন আরও বলেন, গভীর জঙ্গলে রাতে কাজ করা যায়নি। দিনে কাজ করতে হয়েছে। ঝুঁকিও ছিল। সব মিলিয়ে বড় একটি চ্যালেঞ্জিং টাস্ক তারা কমপ্লিট করেছেন, এ জন্য তারা (ফায়ার সার্ভিস) ধন্যবাদ পাওয়ার যোগ্য।

প্রতœসম্পদ রক্ষার নতুন আইন : বৈঠকে প্রত্নসম্পদ আইন, ২০২৪-এর খসড়া উপস্থাপনের পর কয়েকটি জায়গায় পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুনরায় মন্ত্রিসভায় এটি উপস্থাপন করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৬ সালের একটি আইনকে পরিবর্তন করে বাংলায় করা হচ্ছে। দেশে যত প্রত্নসম্পদ আছে সেগুলোকে সংজ্ঞায়িত করা, সংরক্ষণ, হস্তান্তর ও নিয়ন্ত্রণ করার বিষয়গুলো সেখানে আছে। নির্দেশনা অমান্য করলে শাস্তির বিষয়ও আছে।

ব্রিটিশ আমলের আইনে থাকা নানা ফাঁকফোকরের কারণে দেশের প্রত্ন ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে অনেক অমূল্য সম্পদ বেহাত হয়ে গেছে। অমূল্য এ সম্পদ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণে পুরনো আইন রহিত করে ২০১৫ সালে নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত নানা প্রক্রিয়া শেষে আইনটির খসড়া তৈরি করা হয়। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তা আবার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন : ১৯ বছর পর বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই চুক্তির আওতায় উজবেকিস্তানের সঙ্গে এখন সরাসরি বিমান চলাচল কার্যক্রম শুরু হবে। ১৯৯৩ সালে একটি চুক্তির মাধ্যমে এই জার্নি (যাত্রা) শুরুর পর ২০০৫ সালে এটি বন্ধ হয়ে যায়। এখন নতুনভাবে শুরু করার জন্য উজবেকিস্তান আগ্রহী হওয়ায় দুপক্ষ মিলে এই খসড়া করেছে। চুক্তির আওতায় ফিফথ ফ্রিডম পাবে বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে বিমান নিয়ে গিয়ে সেখান থেকে যাত্রী তোলা যাবে।

মাহবুব হোসেন আরও বলেন, জাতীয় পরিকল্পনা উন্নয়ন অ্যাকাডেমি আইন, ২০২৪-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। বর্তমান আইনকে পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন এই আইন করতে চেয়েছিল। কিন্তু মন্ত্রিসভায় আলোচনার পরিপ্রেক্ষিতে এটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস। এটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করে। কিন্তু আলোচনার পর মন্ত্রণালয় এটি প্রত্যাহার করে নিয়েছে।