প্রচারণার শেষ মুহূর্তে উচ্চ আদালতের আদেশে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাহানারা কালাম। পরে গত রবিবার বিকেলে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা স্বাক্ষরিত চিঠিতে জাহানারা কালামকে হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, তফসিল অনুসারে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ এপ্রিল। ওইদিন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহানারা কালাম নির্দিষ্ট সময়ে সার্ভার জটিলতার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ নিয়ে তিনি উচ্চ আদালতে রিট দায়ের করেন। আদালতের এক আদেশে রবিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা জাহানারা কালামকে হাঁস প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা কালামের সঙ্গে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ফুটবল প্রতীকের কুমকুম নকরেক, কলস প্রতীকের রুনা আক্তার। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান (চশমা), অলি আহমেদ (তালা), রমজান আলী (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আবদুল কুদ্দুছ বাবুল (দোয়াত কলম), মোস্তাফিজুর রহমান চয়ন (ঘোড়া), রফিকুজ্জামান খোকন (কৈ মাছ), ফজলুল হক (আনারস), মাহতাব উদ্দিন (মোটরসাইকেল), শাহিন মিয়া (টেলিফোন) ও শাহ জাহাঙ্গীর কবীর (হেলিকপ্টার)। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উচ্চ আদালতের আদেশ পেয়ে জাহানারা কালামকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৮ মে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৩টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।