ফেডারেশন কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল আবাহনী। মর্যাদার আসরে তারা জিতেছে রেকর্ড ১২ শিরোপা। এর পরেই আছে মোহামেডান। সাদা-কালোদের শো-কেসে আছে ১১ শিরোপা। এবার তাদের সামনে সুযোগ চিরশত্রুদের ছুঁয়ে ফেলার।
তবে ফাইনালের মঞ্চে পৌঁছুতে তাদের বাধা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। আজ মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
গত আসরের চ্যাম্পিয়নদের জন্য পুলিশ মোটেই সহজ প্রতিপক্ষ নয়। ২৭ এপ্রিল দুদলের বিপিএল লড়াইটা শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে।
গত বছর জমজমাট ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তুলেছিল মোহামেডান। সেই ম্যাচে সুলেমান দিয়াবাতে একাই করেছিলেন চার গোল। চোটের কারণে সর্বশেষ লিগ ম্যাচটি খেলেননি মালির ফরোয়ার্ড। তবে আজ তাকে কেন্দ্র করেই জয়ের ছক সাজাবেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ।
লিগে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানকে অবশ্য শেষ দুই ম্যাচে মোটেই স্বরূপে দেখা যায়নি। পুলিশের সঙ্গে ড্রয়ের পর তারা সর্বশেষ ম্যাচে পয়েন্ট খোয়ায় চট্টগ্রাম আবাহনীর কাছে। তাতে লিগ শিরোপার স্বপ্ন অনেকটাই ধূসর সাদা-কালোদের। ১১ মে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের কাছে হারলেই শেষ হয়ে যাবে শিরোপা স্বপ্ন। তার আগে আজ তারা খুব করে চাইবে পুলিশকে হারিয়ে ফাইনালে পা রাখতে।
পুলিশ দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছে ফেডারেশন কাপের সেমিফাইনালে। শীর্ষ ফুটবলে প্রত্যাবর্তনের পর ২০১৯ সালে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছিল তারা। তবে বসুন্ধরা কিংসের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। এরপর দুই মৌসুম তাদের বিদায় ঘটে গ্রুপপর্ব থেকে। এবার অবশ্য ঠিকই শেষ চারে উঠে আসে।
এ গ্রুপের রানার্স-আপ হয়ে কোয়ার্টারে আসার পর পুলিশ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নাম লেখায় সেমিফাইনালে। লিগেও ভালো ছন্দে আছে তারা। টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে ২১ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। সর্বশেষ লিগ ম্যাচে রহমতগঞ্জকে ২-০ তে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে আজ ফেডারেশন কাপের ফাইনালের লড়াইয়ে নামবে পুলিশ। ৫ বছর পর সেমিফাইনালে এসে তারাও চাইবে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখাতে।
ফেডারেশনের দ্বিতীয় সেমিফাইনালে ১৪ মে মুখোমুখি হবে দুই কাগুজে সেরা বসুন্ধরা কিংস ও আবাহনী।