মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা লিখিত বক্তব্যে বলেন, সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক সম্প্রতি তার গড়পাড়া নিজস্ব শুভ্র সেন্টারে সদর উপজেলার মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সভা করেন। সেই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। এ ছাড়া
কৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচনের আগে সরাসরি প্রকৌশলীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রকল্পের আশ্বাস প্রদান করেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তিনি আরও বলেন, জাহিদ মালেক দলীয় একজন সংসদ সদস্য হওয়ার পরও চেয়ারম্যান প্রার্থী আপন ফুপাতো ভাইয়ের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ হবে ২৯ মে।