টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে গতকাল বুধবার দুপুরে দুই দফায় ভিমরুলের আক্রমণে কেন্দ্রের ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে একঝাঁক ভিমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের কামড়াতে থাকে। আকস্মিক এ ঘটনায় বিদ্যালয়ের মাঠ ও বারান্দায় থাকা ভোটার, পুলিশ, আনসার সদস্যরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিগি¦দিক ছুটতে থাকেন। বিদ্যালয়ের কক্ষের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয়। মুহূর্তে ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। একপর্যায়ে অনেকেই মাঠের পাশের গাদা থেকে খড় নিয়ে জ্বালিয়ে ধুঁয়া তৈরি করে আত্মরক্ষা করেন। প্রায় বিশ মিনিট পর ভিমরুলের ঝাঁক চলে গেলে আহতদের উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুপুর আড়াইটায় ভিমরুলের ঝাঁক দ্বিতীয় দফায় মাঠে উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ চালায়। দুই দফায় ভিমরুলের কামড়ে অন্তত ২৫ জন আহত হন।
ভোটকেন্দ্রের দায়িত্ব থাকা পুলিশের এসআই আবু তাহের জানান, ভিমরুলের আক্রমণে ৪ পুলিশ ও ২ আনসার সদস্য আহত হন। এর মধ্যে দুই পুলিশ সদস্যদের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করেছেন।
মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. মামুন সরকার জানান, ভিমরুলের আক্রমণে তার কেন্দ্রে অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে পুলিশের ৪ জন, আনসার সদস্য ২ জন ও স্থানীয় ২ শিশুসহ ১৯ জন রয়েছেন। ভিমরুলের কামড়ে আহত ছানোয়ার ও সলিমুল্লাহ নামে দুজনের অবস্থা গুরুতর। ওই দুজনসহ মোট ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শওকত আলী চৌধুরী বলেন, ‘ভিমরুলের কামড়ে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’