সাংবাদিক নাদিম হত্যা

প্রধান আসামি বাবুকে জামিন না দিয়ে রুল

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে আসামি হাইকোর্টে ছয় মাসের জামিন পেলেও আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। হাইকোর্টে তিনি আবারও জামিন চেয়েছিলেন। আদালত তাকে জামিন না দিয়ে দুই সপ্তাহের রুল দিয়েছেন।’

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জগলুল কবির। এই মামলায় বাবুকে গত বছরের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।