বিসিসিআইয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের জুনে। তার চুক্তি নবায়ন করা হবে কিনা তা এখনও জানে না বোর্ডও। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য অবশ্য নতুন করে আবেদন করতে হবে তাকে।
আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের কোচ হতে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাইবে বিসিসিআই। দীর্ঘ মেয়াদে কোচিং করাবে এমন একজনকেই খুঁজছে বোর্ড। অন্তত তিন বছর কাজ করবে এমন প্রার্থীদের আগ্রাধিকার দেবে বিসিসিআই।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এ নিয়ে বলেন, ‘আমরা আগামী কয়েকদিন আগ্রহী প্রার্থীদের ডাকব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে এসেছে। তিনি যদি আবারও আবেদন করতে চান, তাহলে করতে পারেন। তবে আমরা দীর্ঘমেয়াদি কোচ চাচ্ছি, যে অন্তত তিন বছর আমাদের সঙ্গে থাকতে পারবে।’
তিনি যোগ করেন, ‘নতুন কোচ ভারতীয় হবেন না বিদেশি, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা ঠিক করবে উপদেষ্টা কমিটি। আমরা এই ভাবেই কাজ করি।’