ধর্ষণ মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ফেনীর সোনাগাজীতে এক তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকার অভিযোগে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। অব্যাহতিপ্রাপ্ত ইকবাল হাসান বিজয় উপজেলার চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন রুবেলকে দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতির। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ এপ্রিল ঢাকা শহরের এক তরুণী ‘বিয়ের প্রলোভনে’ ধর্ষণের অভিযোগ এনে ছাত্রলীগ নেতা ইকবাল হাসান বিজয়ের বিচার চেয়ে স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের দ্বারস্থ হন। চেয়ারম্যান মিলন গ্রাম পুলিশের সহযোগিতায় তরুণীকে বিজয়ের বাড়িতে পাঠান। এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল শুরু হলে ছাত্রলীগ নেতা বিজয় এবং ওই তরুণী সটকে পড়েন। রাতেই ওই তরুণীর ভিডিও বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। সেই ভিডিওতে ছাত্রলীগ নেতা বিজয়কে নির্দোষ দাবি করে তাকে ফুসলানোর জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনকে দায়ী করে তরুণীকে বক্তব্য দিতে দেখা গেছে। এ নিয়ে চেয়ারম্যান মিলন ও ছাত্রলীগ নেতা বিজয়ের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিষোদগারে লিপ্ত হন। 

এসব ঘটনায় সংগঠনবহির্ভূত অনৈতিক কর্মকা-ের অভিযোগ এনে গত ২৯ এপ্রিল বিজয়কে কারণ দর্শানো নোটিস দেয় উপজেলা ছাত্রলীগ। এরপর গত ৫ মে ওই তরুণী ভোল পাল্টে সংবাদ সম্মেলন করে তাকে ধর্ষণ ও ভ্রুণ হত্যার জন্য বিজয়কে অভিযুক্ত করেন এবং ফেনীর আদালতে মামলা করেন।