‘সার্ভার ত্রুটির’ কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিমা আক্তার। গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে এ বিষয়ে অভিযোগ দেন।
হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে যান। মনোনয়ন ফরমের বিভিন্ন অংশ পূরণের পর প্রস্তাবকারী ও সমর্থনকারীর ছবি অনলাইনে দেখা যাচ্ছিল না। নির্ধারিত সময় বিকেল ৪টা নাগাদও ছবি দেখা না যাওয়ায় মনোনয়ন ফরম পূরণ করতে পারেননি। রিটার্নিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তবে উনি যে সময়ে সার্ভার ত্রুটির কথা বলেছেন তখন আরও একাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। যে কারণে সার্ভার ত্রুটির বিষয়টি সত্য নয় বলে মনে হচ্ছে। তাছাড়া সমস্যার সময় তিনি আমাদের জানাননি।’