দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও নামক এলাকায় ট্যাংকলরির চাপায় নৈশ্যপ্রহরীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬০) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (২৫)।
ওসি ফরিদ হোসেন জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও এলাকায় আব্দুস সোবহানের চায়ের দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও রানা মারা যান। পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠান।
তিনি আরও জানান, এই ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও হেলপার একই এলাকার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকের ঘুম ঘুম ভাব থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।