সারা দেশে নির্বাচিত ১৪২ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহ উদ্দিন রাজু সর্বকনিষ্ঠ। তার বয়স মাত্র ২৫ বছর ৪ মাস।
গত ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে সালেহ উদ্দিন রাজু ২৮ হাজার ভোটে পেয়ে নির্বাচিত হন। তার প্রতিপক্ষ প্রার্থী আলা উদ্দিন সবুজ সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। কম বয়সে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে তিনি আনন্দিত। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সালেহ উদ্দিন রাজু দেশ রূপান্তরকে বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে পুরো উপজেলায় হেঁটে হেঁটে ভোটের প্রচার করেছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং ভালোবাসা পেয়েছি। উপজেলার প্রায় ২৮ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি সাধারণ মানুষ ও এলাকা উন্নয়নে কাজ করতে চাই। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি বয়সে সর্বকনিষ্ঠ। যতটুকু পারি পরামর্শ প্রদানে কাজ করব।
জানা যায়, দেশের নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর হলফনামায় যুক্ত করতে হয়। প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ না হলে হলফনামা ও নির্বাচনী কাগজপত্র অবৈধ ঘোষণা হয়।