আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের হারে শেহজাদের খোঁচা

নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বেঞ্চের শক্তি পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন। পরীক্ষা করতে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ (ড্র) জিততে পারেনি পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান।

আইরিশদের বিপক্ষে হারের পর পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদ বাবরের দলকে খোঁচা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেহজাদ লিখেছেন, ‘আমি জানতে চাই, আজকেও (শুক্রবার) কি পাকিস্তান দল বেঞ্চের শক্তি পরীক্ষা করছিল? কখনো তো নিজের শক্তি পরীক্ষা করে দেখো।’

প্রশ্ন হচ্ছে, আসলেই কি গতকাল পাকিস্তান একাদশ নিয়ে আবারও পরীক্ষা-নিরীক্ষা করেছে? একাদশ দেখে অবশ্য সেটা মনে হয়নি।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলও পাকিস্তানের এমন হারে সমালোচনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি দেখছি, পাকিস্তানের ক্রিকেটাররা ব্যক্তিগত লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে, যেটা দলের জন্য ভালো নয়। খেলোয়াড়দের দল নিয়ে ভাবতে হবে, এমনভাবে চলতে থাকলে আমরা এভাবেই হারতে থাকব।’