দুদিন হলো সড়ক দুর্ঘটনায় আক্রান্ত অবুঝ শিশুটি মায়ের জন্য কেঁদেই যাচ্ছে। হাসপাতালের কেউ তার কান্না থামাতে পারছে না। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় ওই নারী ও তার ছেলেকে উদ্ধার করে পুলিশ।
গত শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। এরপর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তার ছেলেকে। অবুঝ শিশুটি মা মা করে কেঁদেই যাচ্ছে। অথচ শিশুর মা হাসপাতালের মর্গে। মা যে আর ফিরবে না মাসুম বাচ্চাটাকে কে বোঝাবে! হাসপাতালের ডাক্তার, নার্স, রোগীর স্বজন কেউ মা হারা বাচ্চাটার কান্না থামাতে পারছে না। বুক কাঁপিয়ে কেঁদেই যাচ্ছে হতভাগাটা!
জানা যায়, অনেক চেষ্টার পর শিশুটির পরিচয় মিলেছে। শিশুটির মায়ের নাম জায়েদা (৩২)। তিনি সিলেট সুনামগঞ্জ জেলার দুয়ারা উপজেলার খুশিউড়া গ্রামের বাসিন্দা রমিজ উদ্দিনের মেয়ে। বেঁচে যাওয়া দেড় বছর বয়সী শিশুটির নাম জাহিদ হোসেন।
ভালুকা হাইওয়ে থানার পুলিশের কর্মকর্তা বাবুল হোসেন জানান, কাপাশিয়া উপজেলার কাপাশিয়া গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়ার সঙ্গে নিহত জায়েদার দ্বিতীয় বিয়ে হয়। সে আরেক বড় ইতিহাস! আশার কথা হচ্ছে মা হারা শিশুর মামা ফেসবুকে জেনে কিছুক্ষণ আগে হাসপাতালে এসেছেন। আরেকটি সূত্রে জানা গেছে বাবাও জানা মাত্র দ্রুত ছুটে আসছেন।