এসএসসি পরীক্ষার ফল

পাস করলেন বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্য

নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি পাস করেছেন একই ওয়ার্ডের বর্তমান ও সাবেক দুই নারী ইউপি সদস্য। তারা বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিলা খাতুন (৩৬) ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেড থেকে জিপিএ ৪ দশমিক ২৯ এবং শাহানাজ পারভীন (৩৯) ওই একই ট্রেড থেকে জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে এসএসসি পাস করেছেন। গতকাল রবিবার এ ফলাফল প্রকাশিত হয়। শিলা খাতুন পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। আর শাহানাজ পারভীন একই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য।

শাহানাজ  পারভীন বলেন, ‘অল্প বয়সে বিয়ে হওয়ায় আর পড়াশুনা করতে পারিনি। পড়াশোনার আক্ষেপটা মনের মধ্যে রয়েই গেছে। তাই অনেক দিন পর আবার ভর্তি হয়ে পরীক্ষা দেওয়া।’ পাস করায় তিনি খুবই আনন্দিত। ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

শিলা খাতুন জানান, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ায় লেখাপড়া করা হয়নি। স্বামীর অনুপ্রেরণায় আবার লেখাপড়া শুরু করেন তিনি। এবার এসএসসি পাস করায় তিনি আনন্দিত। লেখাপড়া চালিয়ে যেতে চান বলেও জানান তিনি।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, ‘তাদের দুজনকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের দেখে সমাজের আরও পিছিয়ে পড়া মানুষ পড়াশোনায় এগিয়ে আসবে। ইচ্ছাশক্তি থাকলে বয়স যে কোনো বাধা না এটা তারা প্রমাণ করেছেন।’