সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরকে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি এবং তাতে বাধা দিলে নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের প্রাথমিক তদন্তের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বরখাস্তের আদেশ দেয়।
গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহার বিরুদ্ধে। এর প্রতিবাদ জানালে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।