জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম (গোলাম মোহাম্মদ) কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়। ফলে দলটির শীর্ষ পদে দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
জাপা থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩০ অক্টোবর ঢাকার যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টিতে জিএম কাদেরের সিদ্ধান্ত গ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করলে ওই বছরের ১৬ নভেম্বর একই আদালতে সেটি খারিজ হয়ে যায়। গত বছর ১৯ জানুয়ারি ঢাকা জেলা জজ আদালতও নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখে আদেশ দেয়।
এ আদেশের বিরুদ্ধে জিএম কাদেরের পক্ষে হাইকোর্টে রিভিশনের আবেদন করা হয়।