দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ 

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অধ্যক্ষকে শোকজ

বরগুনার তালতলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে। নিয়মের বাইরে এই টাকা নেওয়ার অভিযোগে দৈনিক দেশ রূপান্তরে ‘তালতলীতে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়। 

সংবাদ প্রচারের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে । ফলে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল(১২ মে) তালতলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র নাথ হাওলাদার শোকজ নোটিশটি গ্রহণ করেন।

জানা গেছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান শাখায় ২ হাজার ৬৮০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যুক্ত হবে। কিন্তু তালতলী সরকারী কলেজে কর্তৃপক্ষ বিজ্ঞান শাখায় ৩ হাজার ১০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেন। 

ব্যবসায় ও মানবিক বিভাগে যাদের দুই বিষয়ে ব্যবহারিক আছে তাদের ২ হাজার ৪০০ টাকা ও এক বিষয়ের ব্যবহারিক ২ হাজার ২৬০ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও সেই নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে । এ নিয়ে দৈনিক দেশ রূপান্তরে নিউজ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ে। পরে তালতলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আগামী তিন দিনের ভেতরে লিখিত জবাব দেওয়ার জন্য শোকজ করেন উপজেলা নির্বাহী অফিসার।

শোক নোটিশ সূত্রে জানা যায়, এইচএসসির ফরম পূরণে নিয়ম বহির্ভূত রশিদ ছাড়াই অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হয়েছে। এছাড়াও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে স্বব্যাখ্যায়িত জবাব পত্র আগামী ৩ দিনের ভেতরে অফিস চলাকালীন সময়ে দাখিল করার নিদের্শ দেওয়া হয়।

তালতলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র নাথ হাওলাদার বলেন, শোকজ পত্র পেয়েছি। নির্ধারিত সময়ের ভেতরে শোকজ নোটিশের জবাব দিবো।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুপমা বলেন, নিউজ প্রকাশের পরে অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।