তিন মাসকে ছাড়াল দৈনিক ডেঙ্গু রোগী

দেশে দৈনিক ডেঙ্গু রোগীর সংখ্যা গত তিন মাসকে ছাড়িয়ে গেছে। এ মাসের গত ১৩ দিনে দৈনিক হাসপাতালে ভর্তি হয়েছে গড়ে ২২ জন করে রোগী। গত এপ্রিলে এ সংখ্যা ছিল ১৭ জন, মার্চে ১০ জন ও ফেব্রুয়ারিতে ১২ জন। এ বছর এখনো সর্বোচ্চ দৈনিক গড় রোগীর সংখ্যা জানুয়ারিতে ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর আগের দিন গত রবিবার ভর্তি রোগীর সংখ্যা ছিল গত চার মাসের মধ্যে সর্বোচ্চ ৪৬ জন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ১৪ জন। এরপর বরিশাল বিভাগে ১০, ঢাকার দুই সিটি করপোরেশনে আটজন ও ঢাকা বিভাগে পাঁচজন। রোগীদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৫ জন নারী।

এ নিয়ে এ মাসের ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জন। জানুয়ারিতে রোগী ছিল ১ হাজার ৫৫, এপ্রিলে ৫০৪, ফেব্রুয়ারিতে ৩৩৯ ও মার্চে ৩১১ জন। এ বছর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৬। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫১০ ও নারী ৯৮৬ জন। তবে রোগী অনুপাতে নারীদের মৃত্যু বেশি। মারা গেছে ২৯ জন। তাদের মধ্যে নারী ১৫ ও পুরুষ ১৪ জন। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে ৭০৪ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮৫, ঢাকা উত্তরে ৩৪৫, ঢাকা বিভাগে ৩৪৪ ও বরিশাল বিভাগে ৩১৮ জন।