বগুড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল প্রতীক) অংশ নেওয়ায় সখিনা বেগমকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল সোমবার (১৩ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধন্ত অমান্য করে আসন্ন ২১ মে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত বিএনপি নেত্রী সখিনা বেগম দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও বগুড়া জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

বহিষ্কৃত বিএনপি নেত্রী সখিনা বেগম দেশ রূপান্তরকে বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তবুও নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আমাক বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক দিক থেকে আমাকে বহিষ্কার করা সঠিক হয়েছে এবং এটাই হওয়ার প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন,আমি বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিক নির্বাচন করে যাচ্ছি। তাই মাঠে আছি মাঠে থাকবো। বহিষ্কার হলেও আমি বিএনপির জন্য শতভাগ মাঠে আছি ।