রাজধানীর বিজয়নগরে একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ মে) বেলা পৌনে তিনটার দিকে রমনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, দুপুরে খবর পেয়ে বিজয়নগরে ৭ নম্বর দোতলা বাড়ির নিচ তলা বাসার দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রুমের ভেতর বিছানায় শায়িত অবস্থায় ছিল মরদরহটি। তার সমস্ত শরীর পঁচে গেছে এবং পোকা ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মৃত নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস জানান, বিজয়নগরের ওই বাড়িটি তাদের নিজেদের। তবে সেখানে একাই থাকতেন নাজমুল হাসান। তিনি বিয়ে করেননি। গত বৃহস্পতিবার তার সাথে মোবাইল ফোনে শেষ কথা হয় শামীমা নার্গিসের। তখন তিনি জানিয়েছিলেন, গরমের কারণেই খুবই অস্বস্তিতে রয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। এর পরদিন থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হলে আজ বুধবার সকালে উত্তরার বাসা থেকে শামীমা স্বশরীরে বিজয়নগরের বাসায় যান। তবে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং রুমের ভেতর পচা দুর্গন্ধ পান। তখন তারা থানায় খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ দরজা ভেঙে ভেতর থেকে তার উদ্ধার করেন।
তিনি বলেন, আমাদের ধারণা গরমের কারণে অথবা অন্য কোনো অসুস্থতার কারণে তিনি কয়েকদিন আগেই মারা গেছেন। তার সঙ্গে কোনো স্বজন না থাকায় মূলত মরদেহটি কিছুটা পচে গেছে।