ধর্ষণ মামলা থেকে খালাস লামিচানে, তবে কি বিশ্বকাপে খেলবেন!

দেড় বছর ধরে বিচার-কার্যক্রম চলার পর গত জানুয়ারিতে ধর্ষণের দায়ে নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত।

এবার বিশ্বকাপ শুরুর আগে নিষ্পাপ রায় দিয়ে মুক্তি দেওয়া হয়েছে লামাচানেকে। ধারণা করা হচ্ছে লামিচানেকে বিশ্বকাপে খেলাতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালও আছে। নেপাল দলে জায়গা হয়নি লামিচানের। কিন্তু ২৫ মে পর্যন্ত চাইলে দলে পরিবর্তন আনা যাবে।

এক প্রতিবেদনে তার মুক্তির তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

এএফপি বলছে, জানুয়ারিতে রায় ঘোষণার পর এর বিরুদ্ধে আপিল করেছিলেন লামিচানে। সে আবেদন আমলে নিয়ে তারা কারাদণ্ড আজ (বুধবার) পাতান হাইকোর্ট বাতিল করেছে। 

লামিচানে নেপালের সাবেক অধিনায়ক। ২৩ বছরের এই ক্রিকেটার নেপালের হয়ে ৫২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৯৮ উইকেট।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিচারক সূর্য দর্শন দেব ও আনজু উপরিতি ধাকালের যৌথ বেঞ্চ আজ আট বছরের রায় প্রত্যাহার করে নিয়েছেন। পাতান হাইকোর্টের মুখপাত্র তীর্থরাজ ভাট্টারি বলেন, পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে উল্লেখ করে আগের রায় বাতিল করেছেন বিশেষ বেঞ্চ।