৩ শতাংশ সার্কিট ব্রেকার প্রত্যাহারের দাবি

পুঁজিবাজারে আরোপিত ৩ শতাংশ সার্কিট ব্রেকার একটি কৃত্রিম পদ্ধতি। যত দ্রুত সম্ভব এই কৃত্রিম সার্কিট ব্রেকার তুলে পুঁজিবাজারকে নিজের গতিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নেতারা। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ডিবিএ নেতাদের সঙ্গে ডিএসইর বিশেষ বৈঠকে এসব দাবি তুলে ধরেন ডিবিএ নেতারা। নিজস্ব গতিতে চলতে না দিলে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করে ডিবিএ।

তালিকাভুক্তি আইনে সংশোধন প্রসঙ্গে ডিবিএ নেতারা বলেছেন, লিস্টিং রেগুলেশনে কিছু পরিবর্তন আনতে হবে। ভালো কোম্পানি বাজারে তালিকাভুক্ত করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হন। আইপিও দেওয়ার আগে কোম্পানিগুলোর তথ্য নিশ্চিত হতে হবে।

কালোটাকা সাদা করা প্রসঙ্গে ডিবিএ নেতারা বলেন, কালোটাকা সাদা করার মাধ্যম যদি পুঁজিবাজারে বিনিয়োগ হয়, তবে এ সিদ্ধান্তের ফলে বাজারের মূলধন অনেকটাই বৃদ্ধি পাবে। এ ছাড়া এসএমই মার্কেটকে রিভিউ করার দাবি জানান তারা। এ সময় মূলধনি মুনাফার ওপর করারোপ না করার দাবিও জানান ডিবিএ নেতারা।