সোনাগাজী

সরকারি রাস্তায় বেড়া, চলাচলে ভোগান্তি

ফেনীর সোনাগাজীতে সরকারি একটি সড়কের একাংশ দখলের জন্য বেড়া দিয়ে ঘিরে ফেলেছে স্থানীয় একটি চক্র। এতে ওই এলাকার শতাধিক পরিবারের সদস্যদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। গত মঙ্গলবার ভোরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরছান্দিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় শতাধিক ব্যক্তি গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে মনসুর আলী, মো. মোস্তফা, হেদায়েত উল্লাহ ও মো. সুমনের নেতৃত্বে বহিরাগত একদল লোক মঙ্গলবার ভোরে সড়কের অর্ধেক অংশ বেড়া দিয়ে ঘিরে ফেলে। ওই সময় সড়কের পাশে বসবাসরত দরিদ্র হিন্দু পরিবারের লোকজন ভয়ে বাধা দিতে সাহস পায়নি। পরে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনকে জানালে তিনি বাধা দিলেও তা অমান্য করে তারা বেড়া দিয়ে সড়কটির একাংশ ঘিরে ফেলে।

স্থানীয় মাখন চন্দ্র দাস ও কৃষ্ণ বৈষ্ণব বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে আমরা এই সড়কে চলাচল করছি, হঠাৎ রাস্তাটি এভাবে ঘিরে ফেলায় আমরা নানা সমস্যায় পড়েছি। এই রাস্তায় আগে অটোরিকশা, ইজিবাইক ঠেলাগাড়ি চলাচল করত। বেড়া দেওয়ার ফলে যানবাহন চলাচল করতে না পারায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি পাকা করার কথা ছিল, তাও মনে হয় আর হবে না। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’

চরছান্দিয়া ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ‘আমি নিষেধ করেছি কিন্তু তারা গায়ের জোরে রাস্তা কেটে বেড়া স্থাপন করেছে। স্থানীয়রা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছে।’

চরছান্দিয়া ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, ‘সরকারি আইডিভুক্ত রাস্তাটিতে রাতের আঁধারে বেড়া স্থাপন করে জনগণের দুর্ভোগ বাড়ানো হয়েছে। দ্রুত সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে চলাচলের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি, জনস্বার্থে রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।