আচরণবিধি লঙ্ঘন

শ্রীপুরের প্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল

আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হাফিজ মল্লিক।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আলাদা শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানায়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান ছাড়াও কমিশনের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের (ঘোড়া প্রতীক) বক্তব্য শুনে সব বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এদিকে বরিশাল-৬ আসনের এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল গত ৮ তারিখের ভোটে উনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। অভিযোগগুলো কমিশন শুনেছে। উনি ভুল স্বীকার করেছেন। লজ্জিত হয়েছেন। ক্ষমা প্রার্থনা করেছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না। তার ক্ষমা চাওয়ার বিষয়টি কমিশন আমলে নিয়ে অব্যাহতি দিয়েছে।’ শুনানি শেষে এমপি আবদুল হাফিজ মল্লিক বলেন, ‘এ বিষয়টা অত্যন্ত নগণ্য ও ছোট বিষয়। বিভিন্ন মিডিয়া এটা নিয়ে তিলকে তাল বানিয়েছে।'