দুই দফায় বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প দুটি বিতর্কে মুখোমুখি হওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। গত বুধবার এ সম্মতি জানিয়েছেন তারা। আগামী ২৭ জুন এবং ১০ সেপ্টেম্বর এ দুই বিতর্ক অনুষ্ঠিত হবে। সিএনএন বলেছে, তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। বিতর্কটি উপস্থাপনা করবেন জেক ট্যাপার ও ডানা ব্যাশ।

দ্বিতীয় বিতর্কটির আয়োজন করছে সংবাদমাধ্যম এবিসি। আগামী ১০ সেপ্টেম্বর এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে অংশ নেওয়ার জন্য ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই প্রার্থীই সে আমন্ত্রণ গ্রহণ করেছেন। এদিকে বিতর্কে অংশগ্রহণ করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেন লিখেছেন, যেমনটা আপনারা বলেন, যেকোনো জায়গায়, যেকোনো সময়ে, যেকোনো স্থানে।

অন্যদিকে ট্রাম্প লিখেছেন, জুন ও সেপ্টেম্বরে প্রস্তাবিত দুটি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিতর্কে অংশ নিতে ইচ্ছুক ও প্রস্তুত আছেন।