কবর দেওয়ার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

মলদোভায় জীবন্ত অবস্থায় কবর দেওয়া ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় বৃদ্ধের জ্ঞান ছিল। তবে তার গলায় জখমের দাগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মলদোভার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত ১৩ মে’র। যে স্থান থেকে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করেছে সেখানে ৭৪ বছর বয়সী এক নারী হত্যার শিকার হন। সেই হত্যার তদন্তে পুলিশ সেখানে যায়। এ সময় তারা ওই বৃদ্ধের চিৎকার শুনতে পান।

বৃদ্ধকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। এতে দেখা যায়, পুলিশ সদস্যরা কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন। তারা একটি অস্থায়ী বেজমেন্ট খুঁজে পান। সেখানেই বৃদ্ধকে আটকে রেখে মাটি চাপা দেওয়া হয়। উদ্ধারের আগে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকেন তিনি। 

এ ঘটনায় মলদোভার উত্তরপূর্বাঞ্চলের উস্তিয়া থেকে ১৮ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে-ই ক্ষুব্ধ হয়ে বৃদ্ধকে মাটিচাপা দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উদ্ধার হওয়া বৃদ্ধ জানিয়েছেন, অভিযুক্ত কিশোরের সঙ্গে মদপান করছিলেন তিনি। এ সময় তাদের মধ্যে ঝামেলা হয়। কিশোরটি তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং বেজমেন্টের ভেতর নিয়ে মাটি চাপা দেয়।

পুলিশের ধারণা, ওই বৃদ্ধাকেও হত্যা করেছে কিশোর। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার তদন্ত অব্যাহত আছে। দোষী সাব্যস্ত হলে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।